শেরপুরে কামারেরচর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম প্রামাণিক

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 18.08.2026 - 05:49 PM
Share icon
Image

সিঙ্গাপুরে প্রবাসজীবন, তবুও মানুষের টানে, নাড়ির টানে সুযোগ পেলেই ছুটে আসেন নিজ এলাকায়। এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন শেরপুর সদর উপজেলার ১ নম্বর কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম প্রামাণিক।

প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। দেশে ফিরলে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, বিভিন্ন সমস্যার কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এলাকার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন বলেও জানিয়েছেন তাঁর সমর্থকরা।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার কারণে কামারেরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সেলিম প্রামাণিকের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ এলাকার বিভিন্ন প্রয়োজনে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছেন।

সেলিম প্রামাণিকের পরিবারেও রয়েছে জুলাইয়ের আন্দোলনের একটি মানবিক অধ্যায়। তাঁর ছেলে জুলাইয়ের আন্দোলনে আহত একজন যোদ্ধা। ছেলের এই ত্যাগ তাঁকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ক্ষেত্রে আরও অনুপ্রাণিত করেছে বলে জানান তাঁর সমর্থকরা।

চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম প্রামাণিক বলেন, “সিঙ্গাপুরে থাকলেও এলাকার মানুষের কথা সবসময় মনে থাকে। সুযোগ পেলেই নিজ এলাকায় এসে মানুষের সঙ্গে দেখা করি এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে কামারেরচর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার ছেলের ত্যাগও আমাকে মানুষের পাশে থাকার অনুপ্রেরণা দেয়।”

স্থানীয় সমর্থকরা জানান, সেলিম প্রামাণিক চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর প্রবাসজীবনের অভিজ্ঞতা ও ব্যক্তিগত উদ্যোগকে কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। এ জন্য তাঁরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।

Share icon