দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ৩৯ বিজিবি

স্টাফ রিপোর্টার
শুক্র, 16.10.2026 - 11:05 PM
Share icon
Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলায় নিরাপত্তা জোরদারে প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত দুই প্লাটুন সদস্য রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হবে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ গুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল এবং নিবিড় নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, পিএসসি এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি।

দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে বিজিবি। এ লক্ষ্যে ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিটি বর্ডার আউটপোস্ট (বিওপি) গড়ে পাঁচ থেকে আট কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূজামণ্ডপের আশপাশের এলাকাতেও সতর্ক নজরদারি ও টহল অব্যাহত রাখার প্রস্তুতি রয়েছে।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

Share icon