সীমান্তে অভিনব কৌশলে পাচারের চেষ্টা, ৪৮ লাখ টাকার মোবাইল ডিসপ্লে

ঝিনাইগাতী প্রতিনিধি
শুক্র, 28.08.2026 - 10:53 AM
Share icon
Image

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুর-ময়মনসিংহ সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব ডিসপ্লে জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা ডিসপ্লেগুলোর সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে আনা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ডিসপ্লেগুলোর সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Share icon