শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ঝিনাইগাতী প্রতিনিধি
শুক্র, 14.08.2026 - 04:36 PM
Share icon
Image

দুদু মল্লিক ঝিনাইগাত, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার পাঁচমেঘাদল সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি।

৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ৩৯ বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Share icon