সওজে আওয়ামীপন্থী কর্মকর্তা ও সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ- গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসন নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার
বুধ, 15.07.2026 - 05:03 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার: সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাপ্রাপ্ত বলে অভিযোগ থাকা কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনিক সংস্কারের পরিবর্তে বিতর্কিত হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

অভিযোগে সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন, বদলি বাণিজ্য এবং একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব আরও সুসংহত করা হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমানের পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ফখরুদ্দিন আহমেদ- মঈন ইউ আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ট্রুথ কমিশনের মুখোমুখি হওয়া কর্মকর্তাদের একজন ছিলেন। অতীতে বিভিন্ন বিতর্কিত ঘটনায়ও তার নাম আলোচনায় এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, সওজের বিভিন্ন পর্যায়ে বদলি ও পদায়নে অনিয়ম, আর্থিক লেনদেন এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনর্বাসনের ঘটনা ঘটছে। এর ফলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান কিংবা সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানতে এ প্রতিনিধির পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পরবর্তীতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Share icon