মামার মৃত্যুর দিনেই বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

স্টাফ রিপোর্টার
সোম, 16.11.2026 - 06:22 PM
Share icon
Image

মামার মৃত্যুর দিনেই বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রবিউল ইসলাম রোমান। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মামার জানাজার নামাজে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মাদক বিস্তার, পাহাড় ধ্বংস ও স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে নিজের অবস্থান থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিএনপি ও দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।

রবিউল ইসলাম রোমান ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বিবৃতিতে তিনি জানান, পারিবারিক রাজনৈতিক আবহে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দলের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের যে প্রত্যাশা করেছিলেন, ঝিনাইগাতীতে তার প্রতিফলন না দেখে হতাশ হয়েছেন।

রোমানের দাবি, এলাকায় মাদক বিস্তার, পাহাড় ধ্বংস ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তিনি হামলার শিকার হন। ওই হামলা থেকে প্রাণে বেঁচে ফিরলেও তাঁর মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে থানায় অভিযোগ দিতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তা গ্রহণ করা হয়নি বলেও দাবি তাঁর। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করা ভাঙচুরের ছবি সম্পাদনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন রোমান। হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনে নিজের মামার প্রতি দলীয় নেতাকর্মীদের অবহেলার বিষয়টিও তুলে ধরেন রোমান। তাঁর মামা মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও খোঁজখবর না পাওয়ায় তিনি হতাশ হন বলে বিবৃতিতে জানান রোমান।

রোমানের ভাষ্য, দলের কঠিন সময়ে তাঁর মামা নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহায়তা করেছেন। রাজনৈতিক কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছে। অথচ অসুস্থ অবস্থায় তাঁর পাশে দাঁড়ানোর মতো লোকের অভাব ছিল। মামার মৃত্যুর দিনেই তাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানান তিনি।

বিবৃতিতে রোমান আরও জানান, তাঁর এ সিদ্ধান্তের উদ্দেশ্য কাউকে হেয় করা বা কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়বোধ থেকেই তিনি এ অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ঝিনাইগাতীকে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব এবং অন্যায়-দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন জানান, রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র এখনো তাঁর হাতে পৌঁছায়নি। সংগঠন কাউকে জোর করে রাজনীতি করায় না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা দল ছেড়ে গেলে সংগঠনের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।

Share icon