দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকি। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ জানানো এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল রাজপথে থেকে ভূমিকা পালন করবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
