শেরপুরে কসমেটিক্স দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদে যুক্ত হলো নতুন সংগঠন, অধিভুক্ত সংগঠন ২৯টি
টাফ রিপোর্টার : শেরপুর জেলা কসমেটিক্স দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। একই রাতে সংগঠনটি শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয়। নতুন সংগঠনটি যুক্ত হওয়ায় পরিষদভুক্ত শ্রমিক সংগঠনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯টিতে।
নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ মেহেদী হাসান সুমন, সিনিয়র সহ-সভাপতি সঞ্চীত কুমার দত্ত এবং সহ-সভাপতি আকাশ চন্দ্র সাহা। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আসাদুজ্জামান (দুলু), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিহির এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সিমান্ত।
কমিটির অন্য পদে কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ স্বাধীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইমরান আলী কাউছার এবং কার্যকরী সদস্য হয়েছেন তনয় হাসান রমজান।
এদিকে, শনিবার রাত ৯টায় শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কসমেটিক্স দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নকে পরিষদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করা হয়। অনুষ্ঠানে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরা হয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সাংগঠনিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সংগঠনটি পরিষদের সঙ্গে যুক্ত হওয়ায় শ্রমিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নতুন সংগঠনটি পরিষদের সঙ্গে যুক্ত হওয়ায় শেরপুরের শ্রমিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক সমন্বয় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
