শেরপুরে ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
বুধ, 11.11.2026 - 03:32 AM
Share icon
Image

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো. আল হাবিব (২৪) জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

ছাত্রদল সূত্রে জানা যায়, আল হাবিব নারায়ণপুর মহল্লায় হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের মালিক মো. মাহমুদের বাসায় ভাড়া থাকতেন। তাঁর অবস্থান শনাক্ত করার পর ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জিনাত শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা তাঁকে আটক করেন। পরে শেরপুর সদর থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেন এবং থানায় নিয়ে যান।

এ বিষয়ে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জিনাত শাহরিয়ার সিয়াম বলেন, আল হাবিবের মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছাত্রলীগের একাধিক গ্রুপে সম্পৃক্ততার তথ্য তাঁরা পেয়েছেন। এসব গ্রুপে তিনি নিয়মিত যুক্ত থাকতেন এবং গ্রুপ কলে অংশ নিতেন। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বৈঠকের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য-প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পূর্ব থেকেই আল হাবিবের কর্মকাণ্ড তাঁদের পর্যবেক্ষণে ছিল। তাঁর বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনের নেতাকর্মীরা অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় ইনস্টিটিউট ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. রাসেল ও আশরাফুল ইসলাম অপু, দপ্তর সম্পাদক লাবিব জাওয়াদ রজিন, সদস্য তাহসিন জাওয়াদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon