সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
সোম, 20.04.2026 - 06:26 PM
Share icon
Image

জেলা প্রতিনিধি, শেরপুর: ২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তার এ মনোনয়নের খবরে শেরপুরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় স্থান পান চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল নেতৃত্বকে মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার অংশ হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নের পর শেরপুর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে নানা পোস্ট দেওয়া হচ্ছে।

স্থানীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তিনি সংসদ সদস্য হিসেবে শেরপুর জেলার উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ডা. প্রিয়াঙ্কা বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। চিকিৎসক হিসেবে পরিচিত এই তরুণ রাজনীতিক শেরপুরে ডা. প্রিয়াঙ্কা নামেই বেশি পরিচিত। নির্বাচন কমিশনে দাখিলকৃত তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০১৬ সালে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসা পেশায় যুক্ত হন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে তিনি জামায়াত সমর্থিত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি তৈরি হয়।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শেরপুরবাসীর দোয়া, ভালোবাসা এবং দলের আস্থার কারণে তিনি এ দায়িত্ব পেয়েছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Share icon