উৎসবমুখর পরিবেশে শেরপুরে দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
শুক্র, 02.10.2026 - 03:31 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে শেরপুর জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ের নির্ধারিত কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ইউনিয়নের মোট ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সংগঠনের মোট ১১টি পদের মধ্যে ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস, সাংবাদিক মো. মারুফুর রহমান ফকির এবং বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া।

Image

নির্বাচন কমিশনার সাংবাদিক মো. মারুফুর রহমান ফকির বলেন, “সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।”

এদিকে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করছেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সিনিয়র সহ-সভাপতি ও দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব মো. রমজান আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার বলেন, “দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যেই আমরা কাজ করছি। শ্রমিকদের অধিকার ও কল্যাণে একটি শক্তিশালী সংগঠন গুরুত্বপূর্ণ। সদস্যরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগ করবেন- এটাই আমাদের প্রত্যাশা।”

নির্ধারিত কেন্দ্রে সকাল ১০টা থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। ইউনিয়নের তালিকাভুক্ত সদস্যরা ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

Share icon