শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে খলিল সভাপতি- হামিদ সম্পাদক

স্টাফ রিপোর্টার
শুক্র, 02.10.2026 - 09:50 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার, শেরপুর: শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. খলিল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আঃ হামিদ মিয়া নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের মোট ৩৯১ জন ভোটারের মধ্যে ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটার উপস্থিতির হার দাঁড়ায় ৯২ দশমিক ৫৪ শতাংশ। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোট গণনা করা হয়।

সভাপতি পদে মো. খলিল মিয়া আনারস প্রতীকে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল মিয়া গরুর গাড়ি প্রতীকে ১৫৪ ভোট এবং অপর প্রার্থী সৈয়দ আল মামুন সাইকেল প্রতীকে ২৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আঃ হামিদ মিয়া ছাতা প্রতীকে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাবু মিয়া মোটরসাইকেল প্রতীকে পান ১৭৩ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আরিফ মিয়া ফুটবল প্রতীকে ১৭৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. রনি মিয়া বই প্রতীকে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ দুই পদের প্রতিদ্বন্দ্বী মো. রাসেল মিয়া হরিণ প্রতীকে ১৬৫ ভোট এবং মো. বাদশা মিয়া দোয়াত-কলম প্রতীকে ১৫৫ ভোট পেয়েছেন।

ইউনিয়নের মোট ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ- এই চারটি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস, সাংবাদিক মো. মারুফুর রহমান ফকির এবং বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সিনিয়র সহ-সভাপতি ও দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব মো. রমজান আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, এসআই সিব্বির আহমেদসহ পুলিশের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোট ঘোষণা করা হয়।

Share icon