আইজিপি পুরস্কার পেল শেরপুর জেলা পুলিশ
মো: মারুফুর রহমান: মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আইজিপি পুরস্কার পেয়েছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নে ‘গ’ গ্রুপে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ অর্জনে শেরপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ সাফল্য ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পাশাপাশি শেরপুরকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
