ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকার সহায়তা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 11.06.2026 - 07:13 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ২০ জন শিক্ষার্থীকে ২ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা মূল্যের বাইসাইকেল এবং ১৩ জনকে ১ লাখ ৫২ হাজার ৯২৭ টাকা মূল্যের সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের ৬৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৯৫ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৩৯ জন শিক্ষার্থীকে ১ লাখ ৯৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ১ লাখ ৮২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

সব মিলিয়ে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বাবদ ৯ লাখ ৬০ হাজার ২২১ টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সহায়তা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

Share icon