শেরপুরে চকপাঠক মহল্লায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শনি, 04.07.2026 - 04:28 PM
Share icon
Image

মো: মারুফুর রহমান, শেরপুর : শেরপুর শহরের চকপাঠক মহল্লায় মাদক বিক্রি ও মাদক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ার।তিনি বলেন, আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সমাজের উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তজি মিয়া।

অনুষ্ঠানে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাছরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

সভায় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. জহিরুল হাসান মুকুল বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

চকপাঠক বায়তুন নূর মসজিদের সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান আকন্দ জীবন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সদর থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজের সভাপতি , জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী, যুবক ও স্থানীয় বাসিন্দারা।

সভা শেষে মাদকমুক্ত চকপাঠক মহল্লা গড়ে তুলতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share icon