শেরপুরে ৫ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি মো. শরীফ মিয়া (২০)কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি মো. শরীফ মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের স্বজনদের জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে এসিড নিক্ষেপ ও অপহরণের হুমকি দেন।
অভিযোগে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরে একটি পিটিশন মামলা দায়ের করেন। গত ৪ এপ্রিল ২০২৬ নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৯(১) ধারায় মামলা (মামলা নং-০৭) রুজু হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল র্যাব-১-এর সহায়তায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শরীফ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
