শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ

মোহাম্মদ দুধু মল্লিক
বুধ, 23.09.2026 - 05:16 PM
Share icon
Image

মোহাম্মদ দুদু মল্লিক, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:

দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ।

দায়িত্ব গ্রহণের পর থেকে ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দ্রুত পুলিশি সেবা প্রদান ও সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।

পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনসম্পৃক্ততার ওপরও গুরুত্ব দিয়েছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। এতে পুলিশের প্রতি স্থানীয় মানুষের আস্থা আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ অর্জনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইগাতীর মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Share icon