শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে এড়ানো যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 03.11.2026 - 06:57 PM
Share icon
Image

শ্রমিকদের চলমান আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। সরকারের যথাযথ পরিকল্পনার অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা হয়। সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে ফ্যাসিস্টরা প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। কারণ, এমন পরিস্থিতি ঠেকাতে না পারা সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যারা দেশের শত্রু এবং জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে তুলে ধরতে দেখা যায়নি।

আন্দোলন নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচ শতাধিক আন্দোলন মোকাবিলা করেছে। তবে আন্দোলন থামাতে হলে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তার দাবি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় সরকারের ওপর জনগণের আস্থা নেই। ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে সরকার বেইমানি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গতকাল আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত দাম ১ হাজার ৮০০ টাকা থাকলেও খোলা বাজারে তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো। নতুন করে দাম বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ পরিস্থিতিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, রাজপথেই সরকারকে জবাব দিতে হবে।

Share icon