শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের জয়, ভোট পড়েছে ৫২.১৯ শতাংশ
মো: মারুফুর রহমান, শেরপুর: ০৯ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। ফলে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুবেল। অপরদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মো. মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল (১২৮টি কেন্দ্র ও পোস্টাল ভোট) পাওয়া গেছে।
মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৬টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৫ হাজার ৭৩৪, যা মোট ভোটারের ৫২ দশমিক ১৯ শতাংশ। নির্বাচনে কোনো কেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও ভোট চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিকেল তিনটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ। তিনি কয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট ও কারচুপির অভিযোগ করেন।
অন্যদিকে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল দাবি করেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
