শেরপুরে বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদে যুক্ত হলো সেলুন শ্রমিক ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার, শেরপুর: শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখা। নতুন সংগঠনটি অন্তর্ভুক্ত হওয়ায় পরিষদভুক্ত শ্রমিক সংগঠনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেলুন শ্রমিক ফাউন্ডেশনকে আনুষ্ঠানিকভাবে পরিষদের সঙ্গে সম্পৃক্ত করা হয়।
অনুষ্ঠানে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্য গুরুত্বপূর্ণ শক্তি। বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এলে তাদের ন্যায্য দাবি, পেশাগত মর্যাদা ও কল্যাণের বিষয়গুলো আরও সংগঠিতভাবে তুলে ধরা সম্ভব।
তিনি বলেন, নরসুন্দর ও সেলুনকর্মীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদ পাশে থাকবে। শ্রমিকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও শ্রমিক সংগঠনকে পরিষদের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। একই প্ল্যাটফর্মে বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করার মাধ্যমে ন্যায্য দাবি আদায় ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। তারা সেলুনকর্মীদের পেশাগত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিষদ সূত্রে জানা গেছে, সেলুন শ্রমিক ফাউন্ডেশন যুক্ত হওয়ার আগে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে ২৭টি শ্রমিক সংগঠন যুক্ত ছিল। নতুন সংগঠনটি অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে ২৮টি শ্রমিক সংগঠন নিয়ে পরিষদটির কার্যক্রম পরিচালিত হবে।
