শেরপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে আতাহারুল- শওকত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি এবং মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পাঁচ সদস্যের এ আংশিক কমিটি অনুমোদন করে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিতে অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত জেলা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর শেরপুর শহরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। নতুন কমিটির নেতৃত্বে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।
