কর আইন অঙ্গনের বর্ষীয়ান ব্যক্তিত্ব অ্যাড. আব্দুল হালিম ফকির আর নেই

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 28.07.2026 - 01:38 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর : বাংলাদেশ ট্যাক্সেস ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, শেরপুর ও জামালপুর জেলা আয়কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্ষীয়ান আয়কর আইনজীবী আলহাজ অ্যাডভোকেট আব্দুল হালিম ফকির (৮৫) আর নেই।

সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টায় রাজধানীর ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। একই দিন রাত ১০টায় শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

দীর্ঘ কর্মজীবনে অ্যাডভোকেট আব্দুল হালিম ফকির দেশের কর আইন অঙ্গনে একজন সৎ, দক্ষ ও নীতিবান আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি শেরপুর ও জামালপুর জেলা আয়কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পেশাজীবীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া বাংলাদেশ ট্যাক্সেস ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।

পেশাগত জীবনে তিনি শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলে কর আইনজীবী হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য বিশেষ সুনাম অর্জন করেন। ব্যক্তিজীবনেও তিনি ছিলেন সজ্জন, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন সম্মানিত ব্যক্তি।

তার মৃত্যুতে বাংলাদেশ ট্যাক্সেস ল' ইয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, শেরপুর ও জামালপুর জেলা আয়কর আইনজীবী সমিতি, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী সমাজ, আইনজীবী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানা।

Share icon