শেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির ২০ সদস্যের কার্যকরী কমিটি পুনর্গঠন
স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন এ কমিটির মাধ্যমে জেলার পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, মালিকদের মধ্যে সমন্বয় এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে আলহাজ্ব মো. হযরত আলী সভাপতি, ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন সাঈদী কার্যকরী সভাপতি এবং সাইফুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পাঁচজন নতুন সদস্যকে কো-অপ্ট করে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় সমিতির নির্দেশনায় সংবিধান অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট রুটে মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিয়মিত মালিক ও চালকদের উদ্বুদ্ধকরণ সভার আয়োজন এবং যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ বিষয়ে জারি করা পত্রের অনুলিপি শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিআরটিএর সহকারী পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
