ঝিনাইগাতী থানার টহল সক্ষমতা বাড়াতে পিকআপ ভ্যান উপহার

স্টাফ রিপোর্টার
রবি, 02.08.2026 - 06:53 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল, অপরাধ দমন ও জরুরি সেবার কার্যক্রম আরও জোরদার করতে একটি নতুন পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে কেনা গাড়িটি রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে থানার কাছে হস্তান্তর করা হয়।

ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ভাই ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, থানার পুরোনো গাড়িটি প্রায়ই বিকল হয়ে পড়ায় আসামি গ্রেপ্তার ও টহল কার্যক্রমে বিঘ্ন ঘটত। নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি পুলিশি সেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত সেবা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা গেছে, প্রয়াত সংসদ সদস্য ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত ট্রাস্টটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দেওয়াও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

Share icon