ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
শনি, 08.08.2026 - 04:53 PM
Share icon
Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উসকানিতে পা না দিয়ে গণতান্ত্রিক চর্চা ও সহনশীলতার মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম এবং শত-সহস্র মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় কোনো একক গোষ্ঠীর চেতনা বিক্রির হাতিয়ার হতে পারে না। গণঅভ্যুত্থানের অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতন, গুম-খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ২০২৪ সালের ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এটি ছিল গণতন্ত্রকামী মানুষের দীর্ঘ আন্দোলনের ফল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে।’ চেতনা বিক্রির রাজনীতি করে বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ

রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান সংবিধানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের সংবিধান সময়ের প্রয়োজন ও জনগণের আকাঙ্ক্ষার আলোকে সংশোধন করা হয়েছে। বাংলাদেশেও গণঅভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক উপায়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফাঁদে ফেলার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার আহ্বান জানান।

ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা ও সমতার ভিত্তিতে

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে।

তিনি বলেন, ভারতের মাটিতে বসে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য বা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করা পরস্পরবিরোধী। ভারত সরকার বিষয়টি অনুধাবন করবে এবং ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মা নাজমা খাতুন লিপি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share icon