জীবনব্যাপী পাঠাভ্যাস গড়তে শেরপুরে মতবিনিময়

শেরপুর প্রতিনিধি
শনি, 08.08.2026 - 06:20 PM
Share icon
Image

শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, নারী ও প্রবীণসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জীবনব্যাপী পাঠাভ্যাস ও পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে সরকারি গণগ্রন্থাগারের সেবা আরও আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শেরপুরে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে শেরপুর সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি গণগ্রন্থাগার সেবার বিষয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রয়োজনীয়তা জানতে গবেষণা দলের উদ্যোগে এ আলোচনার আয়োজন করা হয়।

পাবনা সরকারি গণগ্রন্থাগারের জ্যেষ্ঠ গ্রন্থাগারিক ও গবেষণা দলের সহযোগী গবেষক সাজ্জাদুল করিমের সঞ্চালনায় আলোচনায় মুখ্য গবেষক ও দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের জ্যেষ্ঠ গ্রন্থাগারিক কেএম মেহেদী হাসান এবং সহযোগী গবেষক ও জ্যেষ্ঠ গ্রন্থাগারিক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সরকারি গণগ্রন্থাগারের বর্তমান সেবা, পাঠকদের চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত দেন। তারা গ্রন্থাগারের বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ করা, পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন বই সংযোজন, ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এ সময় শুধু নিয়মিত পাঠকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশু, তরুণ, নারী ও প্রবীণসহ সমাজের সব শ্রেণির মানুষকে গ্রন্থাগারমুখী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি পাঠাভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সঙ্গে গ্রন্থাগার সেবার সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় শিক্ষক, সাংবাদিক, লেখক, পাঠক, বেসরকারি পাঠাগারের প্রতিনিধি ও গ্রন্থাগারিকরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সরকারি গণগ্রন্থাগার সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ দেন।

গবেষণা দলের সংশ্লিষ্টরা জানান, ফোকাস গ্রুপ আলোচনায় পাওয়া মতামত ও সুপারিশ গবেষণার অংশ হিসেবে সংকলন করা হবে। পরবর্তীতে এসব সুপারিশ জাতীয় পর্যায়ে নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের কাছে উপস্থাপন করা হবে।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও শিক্ষক জ্যোতি পোদ্দার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ, সাংবাদিক মেহেদী হাসান শামীম, জেলা বেসরকারি লাইব্রেরি (পাঠাগার) সমিতির সভাপতি নূরুন নবী, সাধারণ সম্পাদক নাজমুল আলম তালুকদার এবং মডেল গার্লস স্কুলের লাইব্রেরিয়ান আকলিমা খাতুনসহ অন্যরা।

আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন শেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মুনিরা।

Share icon