ছাদ বাগান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় শেরপুর পৌরসভা

শেরপুর প্রতিনিধি
রবি, 09.08.2026 - 06:01 PM
Share icon
Image

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ছাদ বাগান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভা। প্রতিযোগিতার ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে শেরপুর পৌরসভার ছাদ বাগান এ কৃতিত্ব অর্জন করে।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অর্জিত পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

পৌরসভা সূত্রে জানা গেছে, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার অংশগ্রহণে ছাদ বাগান প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ছাদ বাগানের পরিকল্পনা, সৌন্দর্য, বৃক্ষ ও উদ্ভিদের বৈচিত্র্য, সবুজায়ন এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিবেচনা করা হয়। এতে ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে শেরপুর পৌরসভার ছাদ বাগান জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ছাদ বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পৌরসভার পরিবেশবান্ধব কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

সংশ্লিষ্টরা জানান, অপরিকল্পিত নগরায়ণের ফলে দিন দিন কমছে খোলা জায়গা ও সবুজের পরিমাণ। এ অবস্থায় ভবনের ছাদে পরিকল্পিতভাবে বাগান গড়ে তোলা নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে। শেরপুর পৌরসভার ছাদ বাগান জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পৌরসভার এ অর্জনে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে বাগান গড়ে তুলতে উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share icon