গভীর রাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক

শেরপুর প্রতিনিধি
বুধ, 12.08.2026 - 05:16 AM
Share icon
Image

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় কর্মকর্তার রুম থেকে তাদের থানায় নেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কর্মকর্তার রুমে এক নারী প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে ওই নারী সেখানে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে থানায় নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় ও ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় আনা হয়েছে।

তবে ওই নারী পরিচয় এবং কী কারণে তিনি পাসপোর্ট কর্মকর্তার কাছে গিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

Share icon