শেরপুরে বায়তুন নূর কল্যাণ সমাজের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
শারীরিক সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়াচর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে শেরপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম গেট এলাকায় চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ৬টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৩, ৭ ও ১০ কিলোমিটার- তিনটি বিভাগে দৌড়ের আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে তিনজন করে বিজয়ী নির্বাচনের ব্যবস্থা রাখা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা এবং শরীরচর্চার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজক সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তাজির নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। ম্যারাথনের সার্বিক পরিচালনায় ছিলেন হাসিবুল হাসান শান্ত ও মো. সোহেল রানা।
আয়োজকরা জানান, সমাজের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
