৫ দফা দাবিতে শেরপুরে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, শেরপুর : পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বস্ত্র দোকানের কর্মচারী ও শ্রমিকরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের নয়আনী বাজার সড়কে এ কর্মসূচি পালন করে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোরাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মুসলিম দোকান কর্মচারীদের পূর্ণাঙ্গ বোনাস দিতে হবে। একইভাবে অন্যান্য ধর্মাবলম্বী কর্মচারীদের নিজ নিজ ধর্মীয় উৎসবেও সমপরিমাণ বোনাস প্রদানের দাবি জানান তারা।
এ ছাড়া শ্রম আইন অনুযায়ী দোকান কর্মচারীদের দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত, বাৎসরিক ছুটি প্রদান, মৃত্যুকালীন ভাতা চালু এবং সংগঠনের কার্ডধারী শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে কর্মচারী নিয়োগের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বস্ত্র দোকানের কর্মচারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও আইনসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দোকান মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
